চার বছরের মধ্যে চালু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণ মন্ত্রী
আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি উপযুক্ত পরিবারের জন্য 'ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড' ইস্যু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ রোববার (২৯ মার্চ) সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই ঘোষণা দেন।
মন্ত্রী জানান, এই বিশেষ কার্ডটি প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হবে। তিনি বলেন, "এটি কেবল একটি কার্ড নয়, বরং নাগরিক হিসেবে নারীদের একটি সম্মানজনক স্বীকৃতি। বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।"
সাক্ষাৎকালে ফ্যামিলি কার্ডের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। এই কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহযোগিতা পাচ্ছেন।
বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম -এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্বব্যাংকের প্রতিনিধি দল নারী প্রধানের নামে কার্ড ইস্যুর এই উদ্যোগকে সামাজিক সুরক্ষায় একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ফ্যামিলি কার্ড কার্যক্রম টেকসইভাবে বাস্তবায়নে এবং সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সাক্ষাৎকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে আরও আধুনিক ও স্বচ্ছ করার বিষয়ে একমত পোষণ করেন।
Comments