জাতীয় সংসদের প্রথম অধিবেশন: সাত দফা কার্যসূচিতে যা যা থাকছে
দীর্ঘ প্রতীক্ষার পর আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে অভিজ্ঞ দল বিএনপি এবং প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় থাকা জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।
প্রথম দিনের প্রধান কর্মসূচিসমূহ:
১. স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন: অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। দায়িত্ব গ্রহণের পর নতুন স্পিকার সংসদ পরিচালনা করবেন।
২. সভাপতিমণ্ডলীর মনোনয়ন: সংসদীয় কার্যক্রমের জন্য সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম প্রস্তাব ও অনুমোদন।
৩. শোক প্রস্তাব: প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ।
৪. অধ্যাদেশ উত্থাপন: অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে।
৫. বার্ষিক প্রতিবেদন পেশ: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
৬. সংসদীয় কমিটি গঠন: বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হবে।
৭. রাষ্ট্রপতির ভাষণ: সবশেষে মহামান্য রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। পরবর্তীতে এই ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
এবারের সংসদ অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ৪ আগস্ট ফার্মগেটে শহীদ গোলাম নাফিজের রিকশাচালকসহ চারটি শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
রীতি অনুযায়ী, পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সংসদের আনুষ্ঠানিকতা শুরু হবে। বর্তমান স্পিকার না থাকায় সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। প্রায় একমাস ব্যাপী চলবে এই প্রথম অধিবেশন।
সবশেষ মহামান্য রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। এরপর তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এভাবেই প্রথম দিনের কার্যসূচি শেষ হবে। প্রথম অধিবেশন চলবে প্রায় এক মাস।
Comments