স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা বসছেন, তা চূড়ান্ত করার পূর্ণ দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির সংসদীয় দল। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ নূরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
চিফ হুইপ জানান, আগামীকাল স্পিকারের চেয়ার খালি রেখেই অধিবেশন শুরু হবে। কার্যক্রমের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হবে। এরপর সভার সভাপতিত্ব করার জন্য সংসদ নেতা তারেক রহমান একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন এবং অন্য একজন সদস্য তা সমর্থন করবেন। মনোনীত সেই জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বে সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামীকাল সংসদে উপস্থাপন করা হবে। এই অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করার জন্য একটি 'বিশেষ কমিটি' গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হবে।
এক প্রশ্নের জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন:
"প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো 'পজিটিভ রেসপন্স' পাওয়া যায়নি। তারা সাড়া দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
সংবাদ সম্মেলনে সরকারি দলের ছয়জন হুইপ উপস্থিত ছিলেন। আগামীকালকের অধিবেশন ঘিরেই এখন রাজনৈতিক অঙ্গনে সব জল্পনা-কল্পনা চলছে।
Comments