পুলিশের বাধায় যমুনা অভিমুখী আন্দোলনকারীরা
নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করা আন্দোলনকারীদের ওপর পুলিশের বাধা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীতে এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করতে চাইলে পুলিশ দফায় দফায় তাদের বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা সামনে এগোতে চাইলে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবুও আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের বাধা অতিক্রম করে যমুনার সামনের দিকে এগিয়ে যায় এবং বেলা ১১টার পর সেখানে কিছুক্ষণ অবস্থান নেয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আবারও জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীদের মধ্যে ছত্রভঙ্গ অবস্থা তৈরি হয় এবং কয়েকজন আহত হন বলে জানা গেছে। আহত কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে যেতে দেখা গেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ব্যারিকেডের সামনেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এর ফলে বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় আন্দোলনকারীরা 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'অফিস না রাজপথ, রাজপথ রাজপথ', 'অবিলম্বে পে স্কেল, দিতে হবে দিয়ে দাও' এবং 'যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাব না' এমন নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে রাজধানীর যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আরেকটি কর্মসূচি চলছে। ইনকিলাব মঞ্চের ব্যানারে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন একদল আন্দোলনকারী। জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একই এলাকায় একাধিক কর্মসূচি চলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Comments