মব সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
মব সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, আগের তুলনায় মব সহিংসতার ঘটনা কমলেও সম্প্রতি কিছু এলাকায় তা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, 'যে অন্যায় করবে, সে আর এলাকায় থাকতে পারবে না। তাকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতেও কেউ মবের সঙ্গে জড়িত থাকলে, তাকেও ছাড় দেওয়া হবে না।' তিনি আরও বলেন, 'আগে এমন অনেক ঘটনা আমাদের অজানা থাকত। কিন্তু এখন মিডিয়া ও তথ্যপ্রযুক্তির কারণে দ্রুত তথ্য পাওয়া যাচ্ছে, যা অপরাধ দমনে বড় সহায়ক।'
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল ঘাটতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের শিল্প ও কলকারখানার সংখ্যা বেড়ে যাওয়ায় এই বাহিনীর সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। তিনি জানান, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন সংকট মোকাবিলায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ শুরু করেছে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়। নির্বাচন কমিশন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়।' তিনি আশ্বস্ত করে বলেন, 'আমাদের কোনো প্রস্তুতির ঘাটতি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবে।'
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments