ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের স্পনসর ওয়ালটন, অংশ নিচ্ছে ৪৮ গণমাধ্যম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হয়েছে দেশের ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ল্যাবএইডের সঙ্গে যৌথভাবে এবারের টুর্নামেন্টে স্পনসর হিসেবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।
আগামী সোমবার (৯ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হবে 'ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬'।
শনিবার (৭ নভেম্বর) ডিআরইউ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।
এ ছাড়া ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিল্টন এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় ৪৮টি গণমাধ্যমের দল অংশ নেবে। এর মধ্যে রয়েছে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন এবং ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল।
অংশগ্রহণকারী দলগুলোর জন্য জার্সি ও পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রতিটি ম্যাচে অংশ নেওয়া দলগুলোকে ম্যাচ ফি দেওয়া হবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। ফাইনালের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ক্রেস্ট ও তিন হাজার টাকা পুরস্কার। এ ছাড়া প্রতিটি ম্যাচেই সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে।
সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন বলেন, দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়দের প্রতিভা বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ব্যস্ত কর্মজীবনে এ ধরনের ক্রীড়া আয়োজন বিনোদনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখে। ডিআরইউর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার ধারাবাহিকতায় এবারও মিডিয়া কাপ ক্রিকেটের পাশে থাকতে পেরে তারা আনন্দিত।
এদিকে সংগঠনের বিভিন্ন আয়োজনে সহযোগিতার জন্য ওয়ালটন ও ল্যাবএইডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিআরইউ নেতারা। তারা জানান, অংশগ্রহণকারী দলগুলোকে টুর্নামেন্টের নিয়মাবলি ও খেলার সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ক্রিকেট ও ফুটবলসহ দেশের বিভিন্ন ক্রীড়া আয়োজনে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে প্রতিষ্ঠানটির এবারের অংশগ্রহণও সেই উদ্যোগের ধারাবাহিকতা।
Comments