আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের ৫ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখা কুমিল্লার বরুড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন "আলোকিত পোম্বাইশ" তাদের প্রতিষ্ঠার ৫ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৭ মে) পোম্বাইশ গ্রামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
'আজ একটি গাছ, আগামীর নিঃশ্বাস—সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক আগামী' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গ্রামের উন্নয়ন শুধু অবকাঠামো দিয়ে নয়, মানবিকতা, শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমেও সম্ভব। সেই লক্ষ্য নিয়েই পাঁচ বছর আগে 'আলোকিত পোম্বাইশ'-এর যাত্রা শুরু হয়েছিল। আজ সংগঠনটি গ্রামের অসহায় ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা, শিক্ষা সহযোগিতা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ডাইরেক্টর মোহাম্মদ কলিম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ডাঃ ফৌজিয়া আনার ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক, বিআইএইচএস জেনারেল হাসপাতাল ঢাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ছাব্বির হাসান দিদার, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সহ-সভাপতি আজিজুর রহমান, ফারুক হোসেন, আরিফ হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুবেল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।
Comments