বিইউবিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-তে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক, কবি ও সাহিত্যিক এবং দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার গুরুত্ব নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। তিনি বলেন, 'মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার চর্চায় নতুন প্রজন্মকে গড়ে তোলাই হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার শ্রেষ্ঠ উপায়'।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য এ এফ এম সরওয়ার কামাল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিইউবিটি-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, "আমাদের লক্ষ্য কেবল দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা নয়, বরং দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা। মহান স্বাধীনতা দিবসের এই দিনে আমাদের শপথ হোক-আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন যার যার অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখতে পারি।"
বিইউবিটি এর ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন-অর-রশিদ। আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Comments