না খুব কম, না খুব বেশি: শান্তিতে বাঁচার সুইডিশ মন্ত্র ‘লাগোম’
যেকোনো কিছুর অতিপ্রয়োজনীয়তা বা বাড়াবাড়ি একসময় আনন্দের বদলে অস্বস্তি ডেকে আনে। খাবারের শেষ গ্রাসটি হোক কিংবা একটানা অতিরিক্ত বিনোদন—সীমারেখা অতিক্রম করলেই তার আসল রূপ হারিয়ে যায়। বর্তমানের ইঁদুরদৌড়ের যুগে এই অতিরিক্তের প্রতিযোগিতা থেকে বেরিয়ে কীভাবে 'যথাযথ' বা পরিমিতিবোধ বজায় রেখে সুখী হওয়া যায়, সুইডিশ জীবনদর্শন 'লাগোম' আমাদের সেই পথই দেখায়।
'লাগোম' আসলে কী?
সুইডিশ শব্দ 'লাগোম'-এর আক্ষরিক অর্থ হলো 'যথাযথ পরিমাণ' বা 'না খুব কম, না খুব বেশি'। এটি এমন এক জীবনবোধ, যা মানুষকে অতিরিক্তের পেছনে অন্ধের মতো না ছুটিয়ে বর্তমানের পর্যাপ্ত সম্পদে সন্তুষ্ট থাকতে শেখায়। চরম বিলাসিতা কিংবা চরম অভাব—দুটির মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে প্রয়োজনীয় সবকিছু নিয়ে শান্তিতে বেঁচে থাকার শিল্পই হলো লাগোম।
এটি মূলত জীবনের সার্বিক ভারসাম্য ও মানসিক আত্মতৃপ্তির একটি চমৎকার ব্যবহারিক চর্চা, যা মূলত দুটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে:
সামাজিক সচেতনতা ও ন্যায্যতা: আমাদের কাজ বা আচরণ যেন অন্যের ক্ষতির কারণ না হয়। যেমন—কোনো অনুষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত খাবার বা সুবিধা নেওয়া মানেই অন্যের হক নষ্ট করা। পরিমিত আচরণের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করাই এর সামাজিক শিক্ষা।
মানসিক সন্তুষ্টি: সমাজ যেখানে 'যত বেশি, তত ভালো' নীতিতে অন্ধ, লাগোম সেখানে শেখায় কমের মধ্যেই পূর্ণতা। অতিরিক্ত অর্থ বা বড় বাড়ি সুখের একমাত্র মাপকাঠি নয়। যেমন—কোনো দামি ক্যাফেতে বসে কফি খাওয়ার চেয়ে সাধারণ কোনো জায়গায় বন্ধুর সঙ্গে এক কাপ চা পানের আনন্দ অনেক বেশি গভীর হতে পারে।
সুইডিশদের এই কার্যকর জীবনদর্শনটি খুব সহজেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি:
কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য: কাজের অতিরিক্ত চাপ জীবনকে যেমন একঘেয়ে করে, তেমনি কাজবিমুখিতাও ক্ষতিকর। সুইডিশরা কাজের ফাঁকে নিয়ম করে বিরতি নেয় এবং কর্মক্ষেত্রের বাইরে পরিবার ও নিজের শরীরকে সময় দেয়। জীবনকে সুন্দর রাখতে এই ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি।
সহজ ফিটনেস: ফিট থাকার জন্য কোনো দামি জিম মেম্বারশিপ বা ব্যয়বহুল সরঞ্জামের প্রয়োজন নেই। সাধারণ পোশাকে নিয়মিত হাঁটা, ঘরের কাজ করা কিংবা হালকা ব্যায়ামের মাধ্যমেই শরীর সুস্থ রাখা সম্ভব—যা পুরোপুরি লাগোম দর্শনের অংশ।
পরিমিত বিনোদন: আনন্দ পাওয়ার জন্য সবসময় বড় বাজেট বা দূরে কোথাও ভ্রমণের প্রয়োজন পড়ে না। কম খরচে ঘরে তৈরি খাবার, প্রিয় কোনো সিনেমা কিংবা স্বজনদের সঙ্গে আড্ডাতেই চমৎকার সময় কাটানো সম্ভব।
'লাগোম' আমাদের শেখায় কীভাবে জীবনকে জটিল না করে সাধারণ আনন্দের মাঝে শান্তি খুঁজে নেওয়া যায়। সাধারণ জিনিস উপভোগ করা মানে ছোট হয়ে যাওয়া নয়, বরং অতিরিক্ত চাহিদার মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রেখে এক শান্তিময় ও ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলাটাই লাগোমের মূল বার্তা।
Comments