সবজির রং-গন্ধেই শনাক্ত হবে কীটনাশক
বাজারে গেলেই সবজির উজ্জ্বল রং, চকচকে চেহারা ও নিখুঁত আকার দেখে আকৃষ্ট হন ক্রেতারা। তবে অতিরিক্ত আকর্ষণীয় দেখা সবজিতেই থাকতে পারে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার। ফলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ঝুঁকি থাকার সম্ভাবনা থাকে। তাই সবজি কেনার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
কৃষি বিশেষজ্ঞদের মতে, পোকায় খাওয়া বা সামান্য দাগযুক্ত সবজিতে তুলনামূলক কম রাসায়নিক ব্যবহারের সম্ভাবনা থাকে। তাই একেবারে নিখুঁত দেখতে সবজি কেনার পরিবর্তে স্বাভাবিক চেহারার সবজি বেছে নেওয়া যেতে পারে।
সবজির গন্ধ থেকেও ভালো ও রাসায়নিক পদার্থ মেশানো সবজি চেনা সম্ভব। সবজিতে যদি সাভাবিকের তুলনায় অতিরিক্ত তীব্র গন্ধ থাকে, তাহলে সে ধরণের সবজি গুলো এড়িয়ে চলুন। কারণ অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে এমন গন্ধ থাকতে পারে।
সবজির রংও খেয়াল করা গুরুত্বপূর্ণ। অস্বাভাবিক উজ্জ্বল বা অতিরিক্ত গাঢ় সবুজ রঙয়ের সবজি দেখলে সতর্ক হওয়া উচিত। অস্বাভাবিক রং ধরে রাখতে সবজিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। তাই স্বাভাবিক রঙের সবজি বেছে নেওয়াই ভালো।
এ ছাড়া মৌসুমি সবজি কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অসময়ে বাজারে পাওয়া কিছু সবজি উৎপাদনে অতিরিক্ত কীটনাশক বা অন্যান্য কৃষি উপকরণ ব্যবহারের আশঙ্কা থাকে। তাই সম্ভব হলে মৌসুমি সবজিকে খাদ্যতালিকায় প্রাধান্য দেওয়া ভালো।
বাজার থেকে এনে যেভাবে সবজি পরিষ্কার করবেন
বাজার থেকে আনার পর সবজি ভালোভাবে পরিষ্কার করা জরুরি। শুধু পানিতে ধুলে সব ধরনের কীটনাশকের অবশিষ্টাংশ দূর নাও হতে পারে। প্রবাহিত পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে, প্রয়োজন অনুযায়ী ঘষে পরিষ্কার করা যেতে পারে।
সবজি খোসা ছাড়িয়ে খেলেও আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। কারণ কাটার সময় বাইরের অংশে থাকা ময়লা বা রাসায়নিক ভেতরের অংশে ছড়িয়ে পড়তে পারে।
তবে শুধু চেহারা, গন্ধ বা রং দেখে কোনো সবজিতে কীটনাশক আছে কি না নিশ্চিতভাবে বলা যায় না। নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাগারভিত্তিক পরীক্ষা প্রয়োজন। তাই বাজারে সবজি কেনার সময় স্বাভাবিক রঙের, মৌসুমি ও সতেজ সবজি বেছে নেওয়া এবং রান্নার আগে ভালোভাবে পরিষ্কার করাই নিরাপদ অভ্যাস।
Comments