কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, দুই কারখানাকে ১ লাখ টাকা জরিমানা
ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঈদকে সামনে রেখে বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও প্যাকেজিং করে খোলা বাজারে বিক্রির অভিযোগ পাওয়া যায়। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে শাক্তা ইউনিয়নের হামজা ডার্মিসিলি সেমাই কারখানার ম্যানেজার রুবেল এবং মালঞ্চ এলাকার মিতালী সেমাই কারখানার ম্যানেজার মোহাম্মদ মনির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক-এর নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ সময় র্যাব-১০ এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্সবিহীনভাবে গড়ে ওঠা সেমাই কারখানাগুলো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই অবৈধভাবে পরিচালিত এসব কারখানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Comments