হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : দুর্ভোগে সাধারণ যাত্রীরা
মৌলভীবাজার রুটে বাস চলাচলে বাধা, শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়ায় ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
এর ফলে রোববার সকাল থেকে হবিগঞ্জ থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার ভ্রমণকারীরা।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সূত্রে জানা যায়, ১০ মে মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কয়েকটি বাস আটকে দেয় মৌলভীবাজারের শ্রমিকরা। এসময় বাস ভাঙচুর ও কয়েকজন শ্রমিককে মারধরের ঘটনাও ঘটে। ঘটনার পর সিলেটের বিভাগীয় কমিশনার ও হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো কার্যকর সমাধান হয়নি।
এর পরিপ্রেক্ষিতে রোববার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আওতাধীন বাস চলাচল বন্ধ রাখা হয়। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
এতে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল বলেন, বিভাগীয় কমিশনার ও জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একাধিক দফায় আলোচনা হয়েছে। কিন্তু এখনো সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়ায় আমরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আজকের মধ্যে সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, এর আগেও একই দাবিতে গত মঙ্গলবার অনির্দিষ্টকালের ধর্মঘট এবং শনিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। পরে প্রশাসনের আশ্বাসে দুই দফায় কর্মসূচি প্রত্যাহার করা হয়।
Comments