নড়াইল থেকে নিখোঁজ তরুণীকে মৌলভীবাজার থেকে উদ্ধার
নড়াইল জেলা থেকে নিখোঁজ হওয়া আয়েশা করিম (১১) নামে এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। যৌথ অভিযানের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৬ মে) শ্রীমঙ্গল আঞ্চলিক অফিসের র্যাব-৯ এবং বড়লেখা থানা পুলিশ যৌথভাবে বড়লেখার দক্ষিণভাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া আয়েশা করিম নড়াইলের লোহাগড়া থানার বাসিন্দা এবং সিঙ্গাপুর প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার (১৫ মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়েশা করিম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নড়াইলের লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
লোহাগড়া থানায় দায়ের করা জিডির সূত্র ধরে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজ আয়েশার অবস্থান শনাক্ত করা হয়। এরপর গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল র্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আয়েশা করিমকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
উদ্ধারের পর আয়েশাকে বড়লেখা থানায় নিয়ে আসা হয়। বড়লেখা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-৯ ও পুলিশের যৌথ দল দক্ষিণভাগ এলাকায় অভিযান চালায়। নিখোঁজ তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েকে অক্ষত অবস্থায় ফেরত পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রবাসী জসিম উদ্দিনের পরিবার ও স্বজনেরা।
Comments