ভারি বৃষ্টিতে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
টানা ভারি বর্ষণের কারণে ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর রাতে বরিশাল–পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী আব্দুল্লাহ পরিবহন।
স্থানীয়রা জানায়, গভীর রাতে দপদপিয়া চৌমাথা মোড়ে পৌঁছালে ভারি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
স্থানীয়দের সহযোগিতায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে, দুর্ঘটনায় আহত যাত্রীদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর সাময়িকভাবে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। বড় ধরনের কোন হতাহত হয়নি। যানচলাচল স্বাভাবিক রয়েছে।
Comments