ফরিদপুরে ভাড়াবাসা থেকে গ্যারেজ মেকানিকের ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুর জেলা শহরের উত্তর আলীপুর এলাকায় একটি ভাড়াবাসা থেকে মোহাম্মদ মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ন্যাশনাল আইডিয়াল স্কুল সংলগ্ন লিটন খানের ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার পূর্ব বামপাড়া এলাকার মামুনুর রশীদের ছেলে। তিনি ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের উত্তর আলীপুর এলাকায় লিটন খানের বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি অটোরিকশা গ্যারাজে মেকানিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ওই এলাকাতেই তার শ্বশুরবাড়ি। মঙ্গলবার রাতে লিটন খানের ভাড়াবাসার কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে স্থানীয়রা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'আমরা খবর পাওয়া মাত্রই ওই যুবকের ভাড়াবাসায় পুলিশ পাঠাই এবং সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করি। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে'।
Comments