বজ্রমেঘ ও বায়ুচাপ তারতম্যের প্রভাবে উপকূলে বৃষ্টি,বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
বজ্রমেঘ সৃষ্টি ও বায়ুচাপের তারতম্যের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা কুয়াকাটা-কলাপাড়ায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখি জানান
, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে এ অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে এখনো অব্যাহত আছে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় এ বছরের সর্বোচ্চ ১১৪ দশমিক ০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে নদ-নদীর পানির উচ্চতা বাড়ছে এবং সাগরও বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আবহাওয়া অফিস আশঙ্কা করছে, পটুয়াখালীসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments