চন্দ্রঘোনার আহত অবস্থায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার : বন বিভাগে হস্তান্তর
রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকায় বুধবার ( ২২ এপ্রিল) রাত ৯টায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। Wildlife snake rescue team in Bangladesh এর রেস্কিউয়ার টিমের সদস্য কলা বাগান এলাকার যুবক ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। পরে কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা রাত ১০ টার দিকে এসে প্রাণীটিকে নিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
কলা বাগান এলাকার যুবক ইমরান হোসেন ইমন রাতে এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত ৯ টার দিকে কলা বাগান এলাকায় আমি লজ্জাবতী বানরটি বৈদ্যুতিক তার হতে আহত অবস্থায় উদ্ধার করি। পরে বন বিভাগকে খবর দিলে তাঁরা এসে আহত অবস্থায় প্রাণীটিকে রাঙ্গুনিয়া ইকো পার্কে নিয়ে যান।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গনি বলেন, কলাবাগান এলাকার বাসিন্দা ইমরান হোসেন ইমন এর কাছ থেকে রাতে খবর পাওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তা এবং রেঞ্জ কর্মকর্তার নির্দেশে আমি রাতে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে রাতেই বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করি। তিনি আরোও বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি Bengal Slow Loris প্রজাতির। সমগ্র রাঙামাটিতে হাতে গোনা ৪ থেকে ৫ টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।
Comments