গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো "ঘুড়ি উৎসব। স্থানীয় গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (বিওয়াইএফসি)-এর উদ্যোগে দিনব্যাপী এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়| এ আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদক নিয়ে সচেতননা বাড়বে বলে মনে করছেন আয়োজকেরা।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত এ ঘুড়ি উৎসবের প্রতিপাদ্য ছিল—"মাদক নয়, উড়াই ঘুড়ি, আলোকিত সমাজ গড়ি"| তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ও তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান|
সরেজমিনে গিয়ে দেখা গেছে. নিজরা উচ্চ বিদ্যালয় মাঠে নাটাই হাতে একদল কিশোর-কিশোরী। সুতায় টান পড়তেই নীল আকাশ দখল নিল রঙ-বেরঙের ঘুড়ি। আকাশ জুড়ে নীলিমার বদলে দেখা মিলল নানা রঙের ঘুড়ির মেলা| এ ঘুড়ি উৎসবে চিল, ঈগল, পতেঙ্গা, তরি, সাপ, ড্রাগন ও প্রজাপতিসহ নানা রকমের ঘুড়ি ছিল দেখার মত। দিনব্যাপী আয়োজনে ছিল ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম| এ ঘুড়ি উৎসব দেখতে শুধু শিক্ষার্থীই নয় মাঠ জুড়ে বীড় করে নানা বয়সের মানুষ। উৎসবস্থল এক মিলনমেলায় পরিণত হয়| বিশেষ করে শিশু-কিশোরদের উল্লাস ছিল চোখে পড়ার মতো|
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বাবলী শবনম| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ| উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কর্নসার্ন গোপালগঞ্জ-এর প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, সিনিয়র প্রগ্রাম অর্গানাইজার তাপস বিশ্বাস, সিনিয়র প্রগ্রাম অর্গানাইজার রুবেন মজুমদার বক্তব্য রাখেন|
বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কর্নসার্নের প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস বলেন, এ ধরনের উৎসব তরুণদের মাঝে ইতিবাচক চিন্তা-ভাবনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এবং সমাজে মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করবে| তাই আজ এখানে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নবী নেওয়াজ বলেন, মাদক ও অনলাইন গেমের কারনে আজ যুব সমাজ ধ্বংস হতে বসেছে। মাদক, ডিজিটাল ডিভাইসের আসক্তি কমিয়ে তরুণদের মাঠমুখী করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য| অনুষ্ঠানের শেষে সেরা ঘুড়ি নির্মাতা এবং সবচেয়ে বেশিক্ষণ ঘুড়ি আকাশে ধরে রাখা বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়| #
Comments