মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন, দেশে ফেরার বিমান টিকিট প্রদান
মালদ্বীপে গুরুতর অসুস্থ এক প্রবাসী বাংলাদেশি কর্মীর সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ হাইকমিশন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম অসুস্থ প্রবাসী কামাল হোসেনের হাতে দেশে ফেরার বিমান টিকিট তুলে দেন।
সোমবার (২৫ মে) বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা কামাল হোসেন দীর্ঘদিন ধরে জটিল হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার উন্নত চিকিৎসা ও পরিবারের তত্ত্বাবধান নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে বিমান টিকিটের ব্যবস্থা করা হয়।
টিকিট হস্তান্তরকালে হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো মানবিক ও স্বাস্থ্যগত সংকটে বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে। প্রবাসীদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় দূতাবাসের প্রথম সচিব মোঃ মোতাছেম বিল্যাহ ও তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।
Comments