বাংলাদেশ হাইকমিশনের মামিগিলি সফর: প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা
প্রবাসী বাংলাদেশিদের সেবাকে আরও সহজলভ্য ও সময়োপযোগী করতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় রাজধানী মালে থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরের আলিফ ধাল আতোলের প্রত্যন্ত দ্বীপ মামিগিলিতে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করা হয়, যা প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
হাইকমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল নির্ধারিত দিনে মামিগিলিতে পৌঁছে দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালনা করে। এ সময় দ্বীপটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট আবেদন গ্রহণ, তথ্য সংশোধনসহ বিভিন্ন জরুরি কনস্যুলার সেবা প্রদান করা হয়। প্রায় অর্ধশতাধিক পাসপোর্ট সংক্রান্ত সেবা সম্পন্ন করা হয় এবং ৩০টির বেশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কার্ড সরাসরি বিতরণ করা হয়।
সেবাগ্রহণকারী প্রবাসীরা জানান, পূর্বে পাসপোর্ট বা অন্যান্য কনস্যুলার সেবা নিতে তাদের রাজধানী মালে যেতে হতো। এতে যাতায়াত খরচ, সময় এবং কর্মস্থল থেকে ছুটি নেওয়ার মতো নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে দূরবর্তী দ্বীপ থেকে মালে আসা অনেকের জন্যই ছিল অত্যন্ত কষ্টসাধ্য। ফলে অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে দেরি করতেন। এই প্রেক্ষাপটে হাইকমিশনের উদ্যোগে সরাসরি মামিগিলিতে সেবা পৌঁছে দেওয়ায় তারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন।
হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও মালদ্বীপের বিভিন্ন দ্বীপে পর্যায়ক্রমে এ ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এর মাধ্যমে প্রবাসীদের ভোগান্তি কমানো, সময় ও ব্যয় সাশ্রয় করা এবং দ্রুত সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
মালদ্বীপ প্রবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু একটি সেবামূলক কার্যক্রম নয়, বরং প্রবাসীদের সঙ্গে দূতাবাসের সম্পর্ক আরও দৃঢ় করার একটি কার্যকর পদক্ষেপ।
সামগ্রিকভাবে, বাংলাদেশ হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের দৈনন্দিন প্রশাসনিক সেবা প্রাপ্তিকে আরও সহজ ও কার্যকর করে তুলছে।
Comments