জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমেই বাংলাদেশ শক্তিশালী নেতৃত্বে এগিয়েছিল: প্রতিমন্ত্রী
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ৭ই নভেম্বরের প্রেক্ষাপট, রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের শূন্যতা কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমেই বাংলাদেশ একটি নিশ্চিত ও শক্তিশালী নেতৃত্বে এগিয়ে গিয়েছিল।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমানের তারেক রহমান- এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী দিনে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে সম্ভাবনাময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে প্রমাণ করতে হবে।
পঞ্চগড়ের বিশেষ প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী উল্লেখ করে বলেন, দলমত ও সর্বস্তরের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পঞ্চগড় উপহার দিতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন করতে হবে।
এর আগে জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments