মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের আলোচনা ও সংবর্ধনা সভা
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া আয়োজিত মহান মে দিবস ও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ে পিঠাঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস।
সভায় সংবর্ধিত অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন।
এসময় আরও বক্তব্য দেন, কমিউনিটি নেতা মোঃ কাজী সালাউদ্দিন, যুবনেতা মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ সভাপতি কায়সার হামিদ হান্নান, সাংবাদিক মোঃ আলী, বিডিএফসি মালয়েশিয়া সভাপতি আবদুল মবিন ভূঁইয়া প্রমুখ।
বক্তব্যে বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি অবিহিত করে প্রবাসীদের সকল সমস্যা, সাফল্য ও সম্ভাবনার সংবাদগুলো গুরুত্ব সহকারে বেশি বেশি তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের প্রতি আহবান। প্রবাসীদের সংবাদ প্রচারে টেলিভিশন চ্যানেলে আরো বেশি সময় বরাদ্দের দাবি প্রসঙ্গে তিনি বলেন, 'আমরাও চাই প্রবাসীদের খবরাখবর আরো বেশি প্রচার করতে। এ জন্য আমাদের টিভি চ্যানেলে প্রবাসীর সংবাদ নামে আলাদা সময় রেখেছি। কিন্তু, প্রবাস থেকে সবসময় যথেষ্ট সংবাদ পাওয়া যায় না। নিউজ ক্রাইসিসে পড়তে হয়। মাঝে মাঝে ভিডিও'র সাউন্ড ভালো থাকে না, ফ্রেম ভালো থাকে না। তাই প্রবাসীদের সংবাদ আরো বেশি প্রচারে সমস্যা সৃষ্টি হয়'।
কমিউনিটি নেতা মোঃ জসিম উদ্দিন বলেন, "আমাদের দেশের প্রায় ৬ শতাংশ মানুষ আমরা প্রবাসে বাস করি। সে হিসেবে মিডিয়ায় ৬ শতাংশ সময় ও কভারেজ প্রবাসীদের সংবাদের জন্য পাওয়ার কথা। আমরা আশা করি, আগামীতে মিডিয়ায় প্রবাসীদের খবর আরো বেশি গুরুত্ব সহকারে প্রচার করা হবে।"
Comments