চৈত্রকে বিদায় ও বাংলা নতুন বছরকে বরণ করলো জার্মান প্রবাসীরা
ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশে চৈত্র মাসকে বিদায় ও নতুন বাংলা বর্ষ ১৪৩৩ সনকে বরণ করেছে জার্মানির বার্লিনের সর্বস্তরের প্রবাসীরা। ১৯ এপ্রিল রোববার জার্মানির বার্লিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাঙালির ঐতিহ্য ও তানপুরা মিউজিক স্কুলের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানটিতে ঝড়বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের প্রবাসীদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত। ছুটির দিনটিতে পরিবার পরিজন নিয়ে বাংলার আবহমানকালের লোকজ ও বর্ণিল সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে পেরে খুশি অনেকেই।
বর্ষবরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক যোগ দিয়ে প্রবাসীদের আনন্দ আরো বাড়িয়ে দেন বাংলাদেশে নিযুক্ত সাবেক জার্মান রাষ্ট্রদূত ড থমাস প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন বার্লিনের বাংলাদেশ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।
বর্ষবরণ অনুষ্ঠানে মেলা, ঐতিহ্যবাহী পিঠা পুলি ও বাংলা খাবারের বিশেষ আয়োজন ছাড়াও প্রবাসী কয়েকশ শিশু শিল্পীদের মনোরম সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়।
বাঙ্গালির পরম অহংকারের ও হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা প্রজন্মের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাবে এমন কামনা সর্বস্তরের প্রবাসীদের।
Comments