মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের পহেলা বৈশাখ উদযাপন
"Add Style to Your Cart" স্লোগানকে ধারণ করে ডিভাকিউআর্ট (DivaQart)-এর উদ্যোগে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন করেছে দেশটিতে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) কুয়ালালামপুরের সুঙ্গাই বেসি এলাকার রাজাক সিটি রেসিডেন্সিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বাঙালি ঐতিহ্যবাহী পোশাক, র্যালি, লোকজ সংস্কৃতি এবং গ্রামবাংলার খাবার পান্তা ইলিশ, নানা রকম ভত্তার মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানান প্রবাসীরা।
শোভাযাত্রা, গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রবাসের মাটিতে প্রাণবন্ত হয়ে ওঠে বাঙালি সংস্কৃতি। লাল-সাদা ও রঙিন পোশাকে পরিবার-পরিজন নিয়ে অংশ নেন প্রবাসীরা। শিশু-কিশোরদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্যবাহী খাবার—পান্তা-ইলিশ, ফুচকা, ঝালমুড়ি, নারু, জিলাপি, সিঙ্গারা ও সমুচা। পাশাপাশি দেশীয় পোশাক ও অলংকারের প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
আয়োজনের প্রধান সমন্বয়ক এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী আফ্রি নূর বলেন, প্রবাসের মাটিতে এই আয়োজন যেন এক টুকরো বাংলাদেশ—নস্টালজিয়া, সংস্কৃতি ও আপন ঘরের আবহে ভরপুর। এ ধরনের উদ্যোগ প্রবাসী শিক্ষার্থীদের শিকড়ের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে এবং সবাইকে একত্র রাখে।
বৈশাখ উদযাপনে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, টেইলরস ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, সাইবারজায়া ইউনিভার্সিটি, মাহসা ইউনিভার্সিটি, সানওয়ে ইউনিভার্সিটি, এমএমইউ ইউনিভার্সিটি, ইউনিকেএল ইউনিভার্সিটি, আইইউকেএল ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি, ইউপিটিএম ইউনিভার্সিটি, ইএলএমইউ ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, ইউটিএম ইউনিভার্সিটি, ইউএম ইউনিভার্সিটি, ইউনিরাজাক ইউনিভার্সিটি ও সেগি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠান ব্যবস্থাপনায় ইভেন্ট উল্লাহ শহীদ,ইভেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন সুমাইয়া আক্তার। এছাড়া ইসলাম আসাদুল,মাশরুর,গোলাম, ওয়াসিউল আলম তালুকদার, শারমিন সুলতানা শিরিন, দেওয়ান মো. ইসরাক নূর, নির্জন পাল, জাওয়াহের জাহান, মাহজাবিন তুবা, নুসরাত জাহান ও সাফায়েত রহমানসহ এপিইউভিত্তিক বাংলাদেশি কমিউনিটির সদস্যরা সক্রিয়ভাবে কাজ করেন।
ডিভাকিউআর্ট মূলত নারীদের ক্ষমতায়নকে কেন্দ্র করে যাত্রা শুরু করেছে। দেশীয় পণ্য, ফ্যাশন ও সৃজনশীলতার মাধ্যমে নারীদের জন্য নতুন সুযোগ তৈরি করার পাশাপাশি প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রবাসী শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতেও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
Comments