মালদ্বীপের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীরা গুরুত্বপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল বলেছেন, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দ্বীপ দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং অর্থনীতির বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, শক্তিশালী জনগণ-জনগণ যোগাযোগ এবং বহুমাত্রিক সহযোগিতার ভিত্তিতে আরও সুদৃঢ় হচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানী মালের হোটেলে জেন-এ বাংলাদেশ হাইকমিশনের আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, হাইকমিশনার ও রাষ্ট্রদূত এবং প্রবাসী বাংলাদেশিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার "সবার আগে বাংলাদেশ" ভিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং ন্যায়বিচার, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা ক্রমেই বাড়ছে, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশের অবদান প্রশংসিত। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়টিও তিনি তুলে ধরেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব বিদ্যমান, যা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি ও পর্যটন সম্ভাবনা তুলে ধরে বিভিন্ন ভিডিও উপস্থাপন করা হয়। কেক কাটা, ফটোসেশন ও র্যাফেল ড্র অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
Comments