নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে মামলা
৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে মামলা করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ অভিযোগে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
আক্তার হোসেন বলেন, নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরীন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম, ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ মোট ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন আদালত।গত ১ জানুয়ারি নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
Comments