পবিত্র কাবার সামনে ছবি, কিসের ইঙ্গিত দিলেন নীহা?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে একটু আড়ালে থাকতেই পছন্দ করেন তিনি। গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে একজনের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন এই তিনি। তবে কে? বা কার সাথে সম্পর্ক সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।
এবার সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে তোলা দুটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করেন তিনি।
প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি পেছন থেকে নীহাকে জড়িয়ে ধরে আছেন। অন্য ছবিতে কাবাকে পেছনে রেখে দুজনকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে দুই ছবিতেই সঙ্গীর চেহারা আড়ালে থাকায় তার পরিচয় জানা যায়নি।
ছবির সঙ্গে দেওয়া বার্তায় নীহা তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের কথা তুলে ধরেন। তিনি লেখেন, এত দিন যে অধ্যায়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান।
পাশাপাশি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী জানান, তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য এবং সুন্দর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। তাদের এই বন্ধন যেন সব সময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকে, সেই প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
নীহার এই পোস্টের পর থেকেই অনুসারীদের মধ্যে তাঁর বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অভিনেত্রীকে।
যদিও বিয়ের ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেও জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি নীহা। এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে এ বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে নীহার বিয়ের বিষয়টি নিশ্চিত হতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Comments