আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
মুম্বাইয়ে একটি বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে চরম আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা ও সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খান। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ায় তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট বিধানের অধীনে এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ভোটার তালিকা সংশোধন ও তথ্য কারচুপির অভিযোগে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর আহ্বানে আয়োজিত ওই বিক্ষোভে আরও অনেকের সঙ্গে যোগ দিয়েছিলেন অভিনেতা ইমরান খান, তার সঙ্গী ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জেইন মেরি খান।
ওই সময় মুম্বাই পুলিশ অভিযান চালিয়ে ইমরানসহ অন্য আন্দোলনকারীদের আটক করে। তবে অভিযোগ ওঠে যে, আমেরিকার নাগরিকত্ব থাকা সত্ত্বেও ভারতের কোনো রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে ইমিগ্রেশন আইন লঙ্ঘন করেছেন ইমরান। পরবর্তীতে বিজেপির সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা কিরিট সোমাইয়া বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশ ও ফরেনার্স আঞ্চলিক রেজিস্ট্রেশন অফিসে লিখিত অভিযোগ জানান এবং এই অভিনেতাকে অবিলম্বে দেশ থেকে বহিষ্কারের দাবি তোলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশ দেয়।
বলিউডে 'জানে তু... ইয়া জানে না' সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া এই অভিনেতা জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১১ সালে এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন যে তিনি ভারতীয় পাসপোর্টের জন্য চেষ্টা করছেন। তবে তিনি পরবর্তীতে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়।
এদিকে বিক্ষোভে আটক হওয়ার সময় পুলিশের ভ্যান থেকেই হাসিমুখে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইমরান লিখেছিলেন, 'মনে হচ্ছে আমি একটু ঘুরে আসতে যাচ্ছি!' এছাড়া বিক্ষোভে অংশ নেওয়ার সময় তিনি গণমাধ্যমকে বলেছিলেন, তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং মুম্বাইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
দেশ ছাড়ার এই নির্দেশ সংক্রান্ত নোটিশের বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা ইমরান খান বা তার কোনো প্রতিনিধির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Comments