আজ রাতে টিএসসিতে তুহীনের ‘আভাস’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আজ রাতে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড 'আভাস'। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির আয়োজনে 'কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল'-এর অংশ হিসেবে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় শুরু হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানটি। কনসার্টে অংশ নেওয়ার জন্য সংগীতপ্রেমীদের সরাসরি টিএসসিতে আসার আহ্বান জানিয়েছেন ব্যান্ডটির প্রধান ভোকাল তানযীর তুহীন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তুহীন জানান, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যালের এই আয়োজনে শ্রোতাদের সঙ্গে দেখা করার পাশাপাশি গান ও আড্ডায় সময় কাটাতে চান তিনি। একই সঙ্গে ব্যান্ডটির অফিসিয়াল পেজ থেকেও রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছে 'আভাস'। ব্যান্ডটির পরিচিত গানগুলোর মধ্যে রয়েছে 'আভাস', 'মানুষ-১', 'বাস্তব', 'অনাথ', 'ক্যামেরা' ও 'সত্তা'।
Comments