বিচ্ছেদ মামলার নতুন মোড়, যে কারণে আদালতে গেলেন গোবিন্দের স্ত্রী সুনীতা
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সুনীতাকে মুম্বাইয়ের পারিবারিক আদালতে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়।
গত কয়েক দিন ধরে এই দম্পতির মধ্যে মনোমালিন্য চলছে—এমন খবরের মধ্যেই আদালতে সুনীতার উপস্থিতির ভিডিও প্রকাশ্যে আসে। এরপরই অনেকে ধারণা করতে শুরু করেন, তাহলে কি দীর্ঘদিনের এই দাম্পত্য সম্পর্কে এবার ভাঙন ধরতে যাচ্ছে?
তবে সেই জল্পনায় ভিন্ন তথ্য দিয়েছেন গোবিন্দের সহকারী শশী সিনহা। এক সাক্ষাৎকারে তিনি জানান, বিবাহবিচ্ছেদের মামলা করতে নয়, বরং আগের করা মামলা প্রত্যাহারের জন্যই আদালতে গিয়েছিলেন সুনীতা।
শশীর ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ বা ঝগড়া হওয়া অস্বাভাবিক নয়। অনেক সময় নিজেদের মধ্যে আলোচনা করেই এসব সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু পারিবারিক বিষয় আদালত পর্যন্ত গড়ানো এবং পরে তা প্রকাশ্যে চলে আসায় তিনি হতাশ।
গোবিন্দের সহকারী বলেন, দাম্পত্য জীবনে ঝগড়া হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সম্পর্ক শেষ হয়ে যাবে। পরিবারের ব্যক্তিগত বিষয় সবার সামনে চলে আসার কোনো প্রয়োজন ছিল না। তার মতে, দুজন মানুষ বসে আলোচনা করলে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব।
তাহলে যদি মামলা প্রত্যাহারই উদ্দেশ্য হয়ে থাকে, সেটি আগে দায়ের করার প্রয়োজন কেন হয়েছিল—এমন প্রশ্নের জবাবে শশী সিনহা বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, এভাবে বিষয়টি প্রকাশ্যে আনার বা লোক দেখানোর কোনো প্রয়োজন ছিল না।
এদিকে সুনীতার আদালতে যাওয়ার ঘটনা নিয়ে গোবিন্দের প্রতিক্রিয়া জানতে চাইলে শশী জানান, আপাতত অভিনেতার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই। ঘটনাটি খুব সাম্প্রতিক হওয়ায় এখনই এ বিষয়ে মন্তব্য করতে চাইছেন না তিনি।
শশী আরও বলেন, সবাই যেন পরিস্থিতি বুঝে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেন এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের পথ খুঁজে পান।
Comments