জেনুইন ভোট হলে অনেক কিছুই ঠিক হবে: আবুল হায়াত
ভোট প্রদান শেষে প্রবীণ অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি ভোট হলে দেশ অনেকটাই সঠিক পথে ফিরবে। ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর আবুল হায়াত জানান, এবারের নির্বাচনের পরিবেশ তার কাছে ইতিবাচক মনে হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি। দীর্ঘ সময় পর ভোট দিতে পেরে নিজের অনুভূতির কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, বহু বছর পর ভোট দিতে এসে নিজেকে যেন নতুন একজন ভোটারের মতো লাগছে।
উল্লেখ্য, বিতর্কিত কয়েকটি নির্বাচন বাদ দিলে এবারসহ মোট ১০টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আবুল হায়াত। তিনি আশা প্রকাশ করেন, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীরাই যেন নির্বাচনে জয়ী হন। একই সঙ্গে তিনি বলেন, প্রকৃত অর্থে গ্রহণযোগ্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অনেক সমস্যারই সমাধান সম্ভব।
এদিকে একই দিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরেকটি কেন্দ্রে ভোট দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন। ভোট দেওয়ার পর তিনি জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্ত রয়েছে। তবে তার পর্যবেক্ষণে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম।
Comments