আবারও নেটিজেনদের সমালোচনায় কারিনা কাপুর খান
নবাবপত্নী কারিনা কাপুর খানকে নিয়ে নেটিজেনদের আলোচনা নতুন নয়। নানা সময় তার মুখভঙ্গি ও আচরণ ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়। কেউ তাকে আত্মবিশ্বাসী মনে করেন, আবার অনেকের চোখে তিনি অহংকারী বলেও পরিচিত। এসব কারণেই প্রায়ই মিম কনটেন্টে জায়গা করে নেন এই বলিউড তারকা।
সম্প্রতি ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)-এর একটি ম্যাচে ঘটে যাওয়া ঘটনা ফের আলোচনায় এনেছে কারিনাকে। গ্যালারিতে নিজের দল 'কলকাতা টাইগার্স'-কে সমর্থন দিতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিলেন তাদের দুই সন্তান তৈমুর ও জেহ।
ম্যাচ চলাকালে গ্যালারিতে উপস্থিত হন 'বিগ বস ১৩' খ্যাত অভিনেত্রী আরতি সিংহ। তার সঙ্গে ছিলেন মা ও স্বামী দীপক চৌহান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাইফ আলি খানকে সামনে পেয়ে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন আরতি ও তার মা। তবে সেখানেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।
নেটিজেনদের একাংশের দাবি, ছবি তোলার সময় আরতি ও তার পরিবার মূলত সাইফের দিকেই মনোযোগ দেন, কারিনার উপস্থিতি যেন খানিকটা উপেক্ষিতই থেকে যায়। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি কারিনা। ভিডিওতে তাকে আরতির দিকে কড়া ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখা যায়।
পরিস্থিতি বুঝতে পেরে সাইফ আলি খান দ্রুত এগিয়ে এসে কারিনাকে পাশে ডাকেন এবং সবাইকে একসঙ্গে নিয়ে ছবি তোলেন। যদিও ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেওয়া হয়, তবুও মাঝেমধ্যেই কারিনার সেই তীক্ষ্ণ দৃষ্টি নেটিজেনদের নজর এড়ায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কারিনার আচরণকে স্বাভাবিক প্রতিক্রিয়া বলছেন, আবার কেউ এটিকে অহংকার হিসেবেই দেখছেন।
Comments