ফের একসাথে দেব-শুভশ্রী
টলিউডের বক্স অফিস 'কিং' দেব ২০২৬ সাল জুড়ে বড় পর্দায় দাপট দেখাতে প্রস্তুত, আর সে কথা জানিয়ে ইতিমধ্যেই নিজের ছবির ক্যালেন্ডার ঘোষণা করে দিয়েছেন তিনি। জানা গেছে, এই বছরে তিনটি সিনেমা নিয়ে দর্শকের সামনে আসবেন দেব। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমূল হকের জীবনের উপর ভিত্তি করে তৈরি একটি বায়োপিক। তবে এই ছবির পাশাপাশি এখন থেকেই সবচেয়ে বেশি আলোচনা জমেছে দেবের পূজোর ছবি 'দেশু' ঘিরে। ছবির প্রচারে জোর কদমে নেমে পড়েছেন দেব, আর সবচেয়ে বড় চমক—এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসঙ্গে হাসিমুখে ধরা দিয়ে দেব জানিয়েছেন, তাঁদের নতুন ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। এই ঘোষণার সঙ্গে প্রকাশ্যে এসেছে ছবির কিছু মিষ্টি মুহূর্ত, যা ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।
একসময় এই জুটি টলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছে। গত বছর মুক্তি পাওয়া তাঁদের বহু আগে শুট করা ছবি 'ধুমকেতু' ২০২৫ সালের অন্যতম বড় হিট বাংলা সিনেমা হয়, ফলে দর্শক এখনও এই জুটির প্রতি ভীষণভাবে আকৃষ্ট—তা স্পষ্ট। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেরিয়েও দেব ও শুভশ্রীর বন্ধুত্ব এবং পর্দার রসায়ন যে অটুট, নতুন ছবির ঝলকেই তার প্রমাণ মিলেছে। তবে আপাতত টলি-পাড়ার আড্ডা থেকে সমাজমাধ্যম—সব জায়গায় সবচেয়ে বেশি চর্চা হচ্ছে দেবের সেই মহার্ঘ ঘড়িকে ঘিরেই; কেউ প্রশংসা করছেন তাঁর স্টাইলের, আবার কেউ হিসাব কষছেন কব্জিতে বাঁধা সেই বিলাসিতার মূল্য।
Comments