‘পরের গুলিটা বুকে গিয়ে লাগবে’
বলিউড নির্মাতা রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবনের সামনে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পরে এই হামলার দায় স্বীকার করে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর হত্যার হুমকি দেয়। ঘটনায় বলিউড অঙ্গনে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে জুহু এলাকায় রোহিত শেঠির বাড়ির বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। একটি গুলি ভবনের জিম অংশের কাচে আঘাত হানে। কেউ আহত না হলেও এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং নিরাপত্তা জোরদার করা হয়।
ঘটনার পর 'শুভম লোঙ্কের' নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গুলিবর্ষণের দায় স্বীকার করে পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, এটি ছিল শুধু সতর্কবার্তা—পরবর্তী হামলা বাড়ির বাইরে সীমাবদ্ধ থাকবে না, সরাসরি বেডরুমে ঢুকে প্রাণঘাতী হবে। পোস্টে পুরো বলিউডের প্রতিও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। বিষয়টি যাচাইয়ে সাইবার সেল কাজ করছে।
তদন্তের অংশ হিসেবে রোববার পুণের ধয়ারী ও কার্ভেনগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের সঙ্গে মুম্বাইয়ের ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছিলেন অভিনেতা সালমান খান। ২০২৪ সালের এপ্রিলে তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনাতেও এই গোষ্ঠীর নাম উঠে আসে। একই বছরের অক্টোবরে প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করেছিল তারা। এছাড়া অভিনেত্রী দিশা পাটানি, ইউটিউবার এলভিশ যাদবসহ দেশ-বিদেশে একাধিক শিল্পীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে।
Comments