বেবি বাম্পের ছবি প্রকাশ সোনামের
বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও মাতৃত্বকালীন ফ্যাশনে নজর কাড়লেন। বেবি বাম্পের একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে নেভি-ব্লু ভেলভেট গাউনে দেখা গেছে অভিনেত্রীকে। ছবিগুলো পোস্ট করে ৪০ বছর বয়সী সোনম ক্যাপশনে লিখেছেন, "একটি নতুন অধ্যায়।"জানা গেছে, একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে সাম্প্রতিক এক অনুষ্ঠানে অংশ নেন সোনম। সেখানেই তোলা এই ফটোশুট। আভিজাত্যপূর্ণ নেভি-ব্লু গাউনে তাঁর মাতৃত্বকালীন লুক ভক্তদের দারুণভাবে আকৃষ্ট করেছে। সামাজিক মাধ্যমে সহশিল্পী ও অনুরাগীরা তাঁর প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যঘর।
এর আগে ২০২২ সালের আগস্টে প্রথমবার মা হন সোনম কাপুর। সে সময় পুত্রসন্তানের জন্ম দেন তিনি এবং জানিয়েছিলেন, মাতৃত্বকালীন বিরতির পর আবার কাজে ফিরবেন। তবে গত চার বছরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে।
কয়েক মাস আগে থেকেই গুঞ্জন ছিল, দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম। অবশেষে গত বছরের নভেম্বরে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে সুখবরটি নিশ্চিত করেন তিনি। তখন একটি ছবির ক্যাপশনে লিখেছিলেন, "মাদার"— যা নিয়ে বলিউড তারকাদের শুভেচ্ছায় ভেসে যান অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ মে মুম্বাইয়ে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রীর নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা।
Comments