ডিজিটাল যুগে সাংবাদিকতা: গতি আছে, গভীরতা কোথায়?
ডিজিটাল বিপ্লব সংবাদজগতকে আমূল বদলে দিয়েছে। এখন খবর ছড়াতে মিনিট নয়, লাগে সেকেন্ড। হাতে স্মার্টফোন, সামনে ক্যামেরা, আর এক ক্লিকেই পৌঁছে যাওয়া যায় লাখো মানুষের কাছে। তথ্যপ্রবাহের এই বিস্ময়কর গতি নিঃসন্দেহে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে—এই গতির ভেতরে কি আমরা গভীরতাকে হারিয়ে ফেলছি? একসময় সাংবাদিকতা ছিল ধৈর্যের শিল্প। তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, একাধিক সূত্র মিলিয়ে নিশ্চিত হওয়া—তারপর প্রকাশ। সংবাদ ছিল দায়িত্বের বিষয়, প্রতিযোগিতার নয়। এখন প্রতিযোগিতা মূলত দ্রুততার।
'ব্রেকিং' হওয়ার তাড়নায় অনেক সময় সংবাদ যাচাইয়ের মৌলিক প্রক্রিয়াই উপেক্ষিত হচ্ছে। ফলে গুজব, অর্ধসত্য বা উদ্দেশ্য প্রণোদিত তথ্যও সংবাদরূপে ছড়িয়ে পড়ছে। এতে শুধু ব্যক্তি নয়, প্রতিষ্ঠান ও রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিজিটাল মাল্টিমিডিয়ার বিস্তার নতুন প্রজন্মকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত করেছে—এটি ইতিবাচক। কিন্তু সাংবাদিকতা কেবল ক্যামেরার সামনে দাঁড়ানো বা লাইভে আসার নাম নয়। এটি একটি বুদ্ধিবৃত্তিক চর্চা, নৈতিক অঙ্গীকার এবং সামাজিক দায়বদ্ধতার পেশা। সংবাদ কী, মতামত কী, প্রচারণা কী—এই মৌলিক পার্থক্য বোঝার সক্ষমতা ছাড়া সাংবাদিকতার দাবি করা বিপজ্জনক। কেবল একটি লোগো বা পরিচয়পত্র হাতে থাকলেই কেউ সাংবাদিক হয়ে যায় না; সাংবাদিক হওয়ার জন্য প্রয়োজন জ্ঞান, প্রশিক্ষণ, ভাষার শুদ্ধতা ও বিশ্লেষণ ক্ষমতা। আরেকটি বড় সংকট হলো দলীয়করণ। সাংবাদিক যদি কোনো রাজনৈতিক মতাদর্শের প্রচারযন্ত্রে পরিণত হন, তবে তিনি আর জনস্বার্থের প্রতিনিধি থাকেন না। সাংবাদিকতার শক্তি তার নিরপেক্ষতা ও স্বাধীনতায়। একজন প্রকৃত সাংবাদিক কোনো দলের নয়—তিনি মানুষের।
সত্যকে তুলে ধরাই তাঁর একমাত্র দায়িত্ব। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক ক্ষেত্রেই মতাদর্শিক বিভাজন সংবাদকে প্রভাবিত করছে। এতে পেশার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে। ক্লিক, ভিউ ও ভাইরাল হওয়ার প্রতিযোগিতা সংবাদকে পণ্যে পরিণত করেছে। শিরোনাম আকর্ষণীয় হতে পারে, কিন্তু তা বিভ্রান্তিকর হলে সেটি সাংবাদিকতা নয়—প্রচার। দর্শকসংখ্যা বাড়ানোর জন্য অতিরঞ্জন, আবেগ উসকে দেওয়া বা অসম্পূর্ণ তথ্য প্রচার করা সাংবাদিকতার নীতির পরিপন্থী। সাংবাদিকতার একটি নৈতিক কাঠামো রয়েছে—তথ্য যাচাই, ভারসাম্য রক্ষা, গোপনীয়তার প্রতি সম্মান এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া। এই নীতিগুলো উপেক্ষিত হলে পেশার ভিত্তিই দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে প্রয়োজন আত্মসমালোচনা ও কাঠামোগত সংস্কার।
সংবাদমাধ্যমের মালিকদের উচিত ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি পেশাগত মানদণ্ড রক্ষা করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও প্রয়োজন সুস্পষ্ট নীতিমালা ও প্রশিক্ষণব্যবস্থা নিশ্চিত করা, যাতে সাংবাদিকতা পেশাগত মর্যাদা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালিত হয়। পাশাপাশি তরুণ সাংবাদিকদেরও উপলব্ধি করতে হবে—ডিজিটাল দক্ষতা যেমন জরুরি, তেমনি প্রয়োজন গভীর পাঠ, গবেষণা ও নৈতিক চর্চা। তরুণ প্রজন্মের অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন—এটি ইতিবাচক। তবে সাংবাদিকতা কেবল ক্যামেরা বা মাইক্রোফোন হাতে নেওয়ার নাম নয়; এটি জ্ঞান, ভাষার দক্ষতা, উচ্চারণ, বিশ্লেষণ ক্ষমতা ও নৈতিক চর্চার সমন্বয়। বিশ্ব দ্রুত বদলাচ্ছে, প্রযুক্তি পরিবর্তিত হচ্ছে—সাংবাদিকতাকেও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু পরিবর্তন মানে নীতি বিসর্জন নয়; বরং আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া।
ডিজিটাল যুগ আমাদের গতি দিয়েছে, বিস্তার দিয়েছে, সম্ভাবনা দিয়েছে। কিন্তু যদি সেই গতির ভেতর গভীরতা না থাকে, তবে সংবাদ কেবল শব্দের কোলাহল হয়ে দাঁড়াবে। সমাজের আস্থা অর্জন করতে হলে সাংবাদিকতাকে আবারও ফিরে যেতে হবে তার মূল চেতনায়—সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও জনকল্যাণের অঙ্গীকারে। শেষ পর্যন্ত সাংবাদিকতার সার্থকতা গতিতে নয়, বিশ্বাসে। আর সেই বিশ্বাস জন্মায় গভীরতা থেকে—যেখানে সত্যকে তাড়াহুড়ো করে নয়, দায়িত্ব নিয়ে তুলে ধরা হয়।
মাহতাব শাফি: প্রবাসী সাংবাদিক
Comments