কেরানীগঞ্জে পৈতৃক জমি দখল ও হয়রানির অভিযোগ
আদালতের রায়, নতুন খতিয়ান, নামজারি এবং নিয়মিত খাজনা পরিশোধের কাগজপত্র থাকার পরও পৈতৃক ৫৪ শতাংশ জমি ভোগদখলে বাধা ও দীর্ঘদিনের হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সামিউল ইসলাম নামে এক ব্যক্তি।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় কেরানীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন কেরানীগঞ্জ মডেল থানার আলিপুর, ইটাভাড়া ডাকঘর, হয়রতপুর এলাকার বাসিন্দা মো. সামিউল ইসলাম (৩৫)।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, চর আলগী মৌজায় অবস্থিত ৫৪ শতাংশ জমিটি তার পিতা নূরুল ইসলাম গংদের ওয়ারিশসূত্রে এবং ক্রয়সূত্রে প্রাপ্ত বৈধ সম্পত্তি। তবে ভুলবশত জমিটি অন্যের নামে আরএস রেকর্ড হওয়ায় তারা রেকর্ড সংশোধনী মামলা নং ৫৪০/২০২১ দায়ের করেন।
তিনি জানান, আদালত তাদের পক্ষে রায় দেওয়ার পর মিস কেস নং ১১/২৪ এর মাধ্যমে নতুন খতিয়ান সৃজন করা হয়। পরে জমিটির নামজারি সম্পন্ন করা হয় এবং সরকারি খাজনাও নিয়মিত পরিশোধ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সামিউল ইসলাম অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতার অপব্যবহার এবং পুলিশি প্রভাব খাটিয়ে জমিটি দখলে রাখার চেষ্টা করছে। পাশাপাশি পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ পরিস্থিতিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ, হয়রানি বন্ধ এবং বৈধ মালিকদের কাছে জমি বুঝিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
Comments