শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য দেশের কথা বলার সুযোগ নেই: ডা. জাহেদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশের কথা বলার কোনো সুযোগ নেই। সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়ার যুগ চিরতরে শেষ হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, 'বাংলাদেশের একজন আসামির বিচার ও আইনি প্রক্রিয়া দেশের আইন অনুযায়ীই নির্ধারিত হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ মন্তব্য বা হস্তক্ষেপ করবে—এমনটি আমি বিশ্বাস করি না। বর্তমান সরকার কোনো ধরনের চাপের মুখে নেই।'
প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারি মাসে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে একটি বড় ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। সরকারের মতে, সাংস্কৃতিক চর্চা বাড়ার মাধ্যমে একদিকে যেমন বিনোদনের সুযোগ তৈরি হবে, অন্যদিকে তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতাও রোধ করা সম্ভব হবে।
সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।
এ সময় গঙ্গা পানি চুক্তি প্রসঙ্গে তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তি নবায়ন বা এ বিষয়ে কী হতে যাচ্ছে, সে সম্পর্কে এই মুহূর্তে নতুন কোনো তথ্য না থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। যথাসময়ে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরা হবে বাংলাদেশ কী চাচ্ছে এবং কীভাবে তা উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তির আলোচনার সরাসরি কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতারা বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে, তবে এসব বিষয় অনেক আগেই কূটনৈতিক পর্যায়ে চূড়ান্ত হয়ে থাকে।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে যেকোনো ধরনের সাধারণ মিছিল বা কর্মসূচি বের করাও সম্পূর্ণ বেআইনি বলে স্পষ্ট জানিয়ে দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব কর্মসূচির নামে অতীতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে এবং সরকার এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অভিযান কার্যকর হয় এবং বলপ্রয়োগের মাত্রা সবসময় আনুপাতিক থাকে। সহিংসতার ঘটনায় যাদের ছবি বা প্রমাণ পাওয়া গেছে, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি করা হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, 'পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে যারা এ ধরনের কর্মসূচি পালন করছে, তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। কারণ, এসব কর্মকাণ্ড স্পষ্টতই ফৌজদারি অপরাধ এবং এর জন্য তাদের মাশুল দিতে হবে। তবে এর মানে এই নয় যে আওয়ামী লীগের কর্মসূচি ডাকলেই বড় ধরনের কিছু ঘটে যাবে; বর্তমানে সারা দেশে এ নিয়ে বড় কোনো সমস্যা তৈরি হচ্ছে না।'
গোপালগঞ্জ পরিস্থিতি ও সরকারি কর্মকর্তাদের বদলি
সরকারি কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, প্রশাসনকে আরও গতিশীল ও দক্ষ করে তুলতে এবং উপযুক্ত ব্যক্তিদের সঠিক দায়িত্বে বসাতেই নিয়মিত বদলি প্রক্রিয়া চালানো হচ্ছে।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি সরকারের পক্ষ থেকে কীভাবে সামাল দেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যেভাবে ধৈর্যের সঙ্গে ওই পরিস্থিতি মোকাবিলা করেছে, তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। প্রথম দিকে পরিস্থিতি এমন ছিল যে অতিরিক্ত বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত, কিন্তু পরবর্তীতে অত্যন্ত সুকৌশলে ও বিচক্ষণতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করা হয়েছে।
সরকারি কর্মচারীদের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় একটি দল ক্ষমতায় থাকায় স্বাভাবিকভাবেই অনেক মানুষ দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং অনেকে এখনো আছেন। তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কর্মরত অবস্থায় দলীয় রাজনৈতিক সম্পৃক্ততা বজায় রাখা অত্যন্ত গুরুতর অপরাধ। চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা প্রজাতন্ত্রের পোশাকধারী কোনো কর্মচারী যারা এখনো গোপন বা প্রকাশ্য রাজনীতিতে যুক্ত রয়েছেন, তাদের ওপর সরকারের সর্বোচ্চ নজরদারি রয়েছে।
Comments