পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টিতে এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হচ্ছে। পাশাপাশি ভিসার আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা করা হয়েছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংস্কার কাজের মাধ্যমে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ এই নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু হতে পারে। সংস্কারের পর ভিসার ৯টি প্রধান শ্রেণি হবে—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'ভিজিটর ভিসা'। এখন থেকে শুধু পর্যটন নয়, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সেও এই ভিসা ব্যবহার করা যাবে। ভিজিটর ভিসাকে দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে:
ভি-১ ভিসা: ৩০ দিন মেয়াদি একাধিকবার প্রবেশের এই ভিসায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসা, চিকিৎসা, সুস্থতা কার্যক্রম, যোগব্যায়াম এবং ভারতীয় ভাষা ও শিল্পের সংক্ষিপ্ত কোর্সে অংশ নেওয়া যাবে।
ভি-২ ভিসা: দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য এক, পাঁচ বা ১০ বছর মেয়াদি এই ভিসার আওতায় ভি-১ এর কার্যক্রম ছাড়াও পর্বতারোহণের বিশেষ সুবিধা (ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশ) পাওয়া যাবে।
চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়া বিদেশিদের জন্য প্রচলিত ও আয়ুষ পদ্ধতির চিকিৎসাকে আলাদা করে চারটি উপশ্রেণিতে (এম-১ থেকে এম-৪) ভাগ করা হয়েছে। এম-১ ও এম-৩ ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর এবং এতে একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। এর মাধ্যমে 'হিল ইন ইন্ডিয়া' উদ্যোগের আওতায় রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ফলোআপের ভোগান্তি কমবে।
শিক্ষার্থী ভিসাকে দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে:
এস-১ ভিসা: স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনার জন্য। 'স্টাডি ইন ইন্ডিয়া' পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর বা কোর্সের মেয়াদ পর্যন্ত একাধিকবার প্রবেশের ই-এস১ ভিসা পেতে পারেন।
এস-২ ভিসা: পিএইচডি গবেষক, বিজ্ঞানী, অতিথি শিক্ষক, নৃতাত্ত্বিক অভিযাত্রী এবং বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য।
ব্যবসায়িক ভিসাকে বি-১ (দীর্ঘমেয়াদি ও ব্যবসা গড়ে তোলার জন্য) এবং বি-২ (স্বল্পমেয়াদি, চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, চলচ্চিত্র শুটিং ও কারিগরি সহায়তার জন্য) এই দুই ভাগে ভাগ করা হয়েছে। কারিগরি বিশেষজ্ঞ ও প্রকৌশলীরাও বি-২ শ্রেণির আওতায় ই-ভিসার মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।
বর্তমানে বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা ভারতের ই-ভিসা সুবিধা পাচ্ছেন। ভারত সরকারের এই সংস্কারের মূল লক্ষ্য হলো ভিসা ব্যবস্থার জটিলতা কমানো এবং বিদেশি নাগরিকদের বিভিন্ন প্রয়োজনে ভারতে যাতায়াত আরও সহজ করা।
সূত্র: এনডিটিভি
Comments