প্রাইভেট পড়তে এসে শিক্ষকের হাতে ৯ বছরের শিশু ধর্ষণ
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেট পড়তে এসে শিক্ষকের হাতে ধর্ষণের শিকার হয়েছেন ৯ বছরের এক শিশু। এ ঘটনায় সবুজ (৪৫) নামে শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটকৃত সবুজ দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনা করতেন তিনি। পাশাপাশি ওই দোকানেই তিনি কয়েকজন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।
জানা যায়, স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে ওই শিশুসহ তার দুই ছেলে সহপাঠী অভিযুক্তের দোকানে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেটের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় মেয়ে বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজ নিতে দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে নিজের মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এসময় শিশুটি দোকান থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।
এরপর শিশুটি তার মাকে জানায়, অভিযুক্ত ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন এবং ধর্ষণ করেছেন। মেয়ের কাছ থেকে এমন অভিযোগ শোনার পর মা আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সবুজকে আটক করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, তার মেয়ের সাথে ওই প্রাইভেট শিক্ষক যৌন নির্যাতন (ধর্ষণ) করেছে। তার সরাসরি ফাঁসি চাই। যাতে কোনো মায়ের সন্তানের সাথে কেউ এমনটা করতে না পারে।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই প্রাইভেট শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত সোমবার ৯ নভেম্বর উপজেলার নতুন কহেলা গ্রামে নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এসব ঘটনাকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments