বিমানের দুর্নীতিতে জড়িতদের তালিকা তলব সংসদীয় কমিটির
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৫৩ কোটি ৫০ লাখ টাকার ঝুলে থাকা অডিট আপত্তি নিষ্পত্তি, বিভিন্ন অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং সরকারি অর্থের অপচয়ের সুনির্দিষ্ট দায় নির্ধারণের কড়া নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। একইসঙ্গে লিজ নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা তলব করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার কোনো সুযোগ না থাকা সত্ত্বেও, লিজের মেয়াদ শেষে ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে নেওয়ার বিষয়টি নিয়ে তীব্র আলোচনা হয়। পাশাপাশি উড়োজাহাজ দুটির পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের বিষয়টিও উঠে আসে। এই বিতর্কিত সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য বৈঠকে উপস্থাপন করা হয়। অডিটে দেখা গেছে, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তা বিমানের হিসাব ব্যবস্থায় জমা হয়নি। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি পুরোপুরি শনাক্ত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় বিমানে পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তি (আইটি) নিরীক্ষা শুরু করেছে। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত দ্রুত নিরীক্ষকদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত রয়েছে। অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের দাবি করলেও এর সপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি; ফলে অডিট বিভাগ সেই দাবি গ্রহণ করেনি। এসব আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতির বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনাসহ এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়া বৈঠকে যেসব বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে:
বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইহীন রুট: যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন লোকসানি রুট পরিচালনার ফলে হওয়া আর্থিক ক্ষতির বিষয়ে পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব জমা দেওয়া।
স্যাবর চুক্তি পর্যালোচনা: যাত্রীসেবা সরবরাহকারী প্রতিষ্ঠান 'স্যাবর'-এর সঙ্গে চুক্তির পুরো সেবা সরবরাহ না করা হলেও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি পর্যালোচনা করে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কোভিডকালীন কার্গো ফ্লাইট তদন্ত: কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত এক মাসের মধ্যে শেষ করে প্রতিবেদন জমা দেওয়া এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া।
বৈঠকে বিমানের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং যেকোনো অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের কঠোর জবাবদিহির আওতায় আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সভায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments