আদালত থেকে হাতকড়া খুলে উধাও হত্যা মামলার আসামি
ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন হত্যা মামলার এক আসামি। মো. কাউসার মিয়া নামের ওই আসামির আকস্মিক পালিয়ে যাওয়ার ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১–এর কাঠগড়া থেকে এই পালানোর ঘটনা ঘটে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার রুকু মিয়ার ছেলে মো. কাউসার মিয়া ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি। এই মামলার বিচারকার্য চলমান রয়েছে। আজ মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় তাকে সকালে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়।
পরে শুনানি উপলক্ষে তাকে আদালতে তোলা হয়। হাজতখানা থেকে আদালতে আনা এবং পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। তবে হত্যা মামলাটির কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় আজকের মতো শুনানি মুলতবি ছিল। এ সময় কাউসারকে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় রাখা হয়েছিল। কিন্তু সুযোগ বুঝে তিনি কৌশলে হাতকড়া খুলে কাঠগড়া থেকে চম্পট দেন।
দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির আহম্মেদ সংবাদমাধ্যমকে জানান, সাক্ষী না আসায় শুনানি হয়নি এবং হাতকড়া পরিয়ে রাখার পরও আসামি কীভাবে কাঠগড়া থেকে পালিয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা জানান, পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যের নজর এড়িয়ে আসামির এমন পলায়ন রোধে দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে। আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।
Comments