সরকারও চান শেখ হাসিনা দেশে আসুক: সেতুমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 'তিনি (শেখ হাসিনা) যদি দেশে আসতে চান, তাকে দেশে আসতে না করেছে কে? তার তো দেশেই থাকা উচিত ছিল, দেশে থেকে আইন ফেস করার কথা ছিল।'
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডেরবাজার এলাকায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
শেখ রবিউল আলম বলেন, পলাতক আসামিদের দেশে ফেরার হুংকারকে বিশেষভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি এমন কোনো জাতীয় গুরুত্ব বহন করে না। পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া উচিত। তাঁদের বিরুদ্ধে যে সাজা রয়েছে, দেশে ফিরে তা মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, 'যারা পালিয়ে গিয়েছেন, যারা পলাতক আসামি, যারা ওয়ান্টেড আসামি, তারা দেশে ফিরে আসুন—এটাই আইন চায়। তাদের যে সাজা আছে, সেই সাজা দেশে এসে ফেস করার যোগ্য।'
বিগত সরকারের শাসনামলের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মুখে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ওই সরকারের ১৭ বছরের শাসনামলে অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, গণহত্যা ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা রয়েছে। এসব কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিচারের মুখোমুখি হচ্ছেন।
তিনি বলেন, ইতিমধ্যে অনেক মামলার রায় হয়েছে। যারা পালিয়ে গেছেন, তারা গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মুখে পালিয়েছেন। তাদের দল ও নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কিছু এখনো আদালতে বিচারাধীন। আবার কিছু মামলায় আদালত রায় দিয়েছেন। তাঁরা আইনের ঊর্ধ্বে নন।
Comments