স্বাধীন ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর
দেশে স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যেখানে প্রত্যেকে ন্যায়বিচার পাবেন। এ ক্ষেত্রে নবীন আইনজীবীদের সততা, মেধা ও পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির নবীন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, আইন পেশায় সাফল্য অর্জনের কোনো সহজ পথ নেই। জ্ঞান, অধ্যবসায়, প্রজ্ঞা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই একজন আইনজীবীকে নিজের অবস্থান তৈরি করতে হয়।
আইনমন্ত্রী বলেন, বিপদে পড়া মানুষ আস্থা নিয়ে আইনজীবীর কাছে আসেন। তাই মক্কেলের বিশ্বাস অক্ষুণ্ন রাখা তাঁদের নৈতিক দায়িত্ব। আদালতে মামলা পরিচালনার আগে যথাযথ প্রস্তুতি এবং আইনের গভীর জ্ঞান থাকা জরুরি। একই সঙ্গে বিচারকরাও আইনের ঊর্ধ্বে নন। তাঁদের কোনো কর্মকাণ্ডে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহির আওতায় আনতে হবে।
আদালত অঙ্গনে দলীয় প্রভাব ও ক্ষমতার দাপটের পরিবর্তে আইনের চর্চা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নবীন আইনজীবীদের পেশাগত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তাঁর ভাষ্য, সনদ পাওয়ার পর অনেক আইনজীবী পেশায় যুক্ত হলেও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ পান না। আবার জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও অনেকে যথাযথ সহযোগিতা ও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হন। এ অবস্থার পরিবর্তনে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন।
এ সময় তিনি জানান, আইনজীবীদের প্রশিক্ষণের জন্য চলতি বছর আইন মন্ত্রণালয় থেকে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি কোম্পানিতে আইনজীবীদের কাজের সুযোগ বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে একজন আইনজীবী নিয়োগের বিধান চালুর লক্ষ্যে কোম্পানি আইন সংশোধনের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
আইনজীবীদের পেশাগত জীবনে সততা, স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, একজন আইনজীবী তাঁর পরিচালিত দশটি মামলার মধ্যে অন্তত দুটি দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনা পারিশ্রমিকে পরিচালনা করতে পারেন।
বর্তমান সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সুশাসন প্রতিষ্ঠা এবং সব হত্যাকাণ্ড, অন্যায় ও অবিচারের বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত ১৬ বছরের বেশি সময়ের আন্দোলনে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধা নিহত, সাত শতাধিক মানুষ গুম এবং ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, এসব ঘটনার বিচার নিশ্চিতে সরকার কাজ করছে।
নবীন আইনজীবীদের আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার ও জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিচার বিভাগকে স্বাধীন, শক্তিশালী ও কার্যকর করে দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিচার বিভাগীয় কর্মকর্তা, জ্যেষ্ঠ আইনজীবী এবং নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।
Comments