মার্কো রুবিও কি ট্রাম্প প্রশাসন ছাড়ছেন? পদত্যাগের গুঞ্জনের নেপথ্যে যেসব কারণ
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে লড়াই করার প্রস্তুতি নিতে মার্কিন প্রশাসন থেকে পদত্যাগের কথা ভাবছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, ইরান যুদ্ধসহ প্রশাসনের নানা বিতর্কিত নীতি থেকে দূরত্ব তৈরি করে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতেই এই পদত্যাগের কথা ভাবছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন জ্যেষ্ঠ সূত্র 'দ্য ইনডিপেনডেন্ট'কে জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনে কানসাস ও টেক্সাসের মতো নিরাপদ ও শক্তিশালী ঘাঁটিগুলো ডেমোক্র্যাটদের কাছে হারানোর পর ট্রাম্পের মন্ত্রিসভা থেকে চার-পাঁচজন জ্যেষ্ঠ সদস্যের পদত্যাগের প্রস্তুতি চলছে। এর মধ্যে মার্কো রুবিও অন্যতম। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা তাঁর রাজনৈতিক ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী হওয়ার দৌড়ে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন রুবিও। তবে পররাষ্ট্রমন্ত্রী পদে বহাল থেকে নির্বাচনে লড়া সম্ভব নয়। এছাড়া ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভের দায় থেকে বাঁচতেও রুবিওর প্রশাসন ছাড়ার সময় এসেছে বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা।
উল্লেখ্য, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করে আসছেন রুবিও। হেনরি কিসিঞ্জারের পর তিনিই একমাত্র ব্যক্তি যিনি এই দুই গুরুত্বপূর্ণ পদে একাধারে কর্তৃত্ব বজায় রেখেছেন। তবে মধ্যপ্রাচ্য নীতি বা ইউক্রেন যুদ্ধসংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের অনভিজ্ঞ বিশেষ প্রতিনিধি যেমন স্টিভেন উইটকফ ও জ্যারেড কুশনারের কারণে রুবিওকে কিছুটা কোণঠাসা রাখা হয়েছিল বলেও গুঞ্জন রয়েছে।
Comments