বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম
বর্তমান বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দলটি বর্তমানে সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় টিকে রয়েছে, যা অতীতে কেউ টেকাতে পারেনি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার পূর্বে জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে এনসিপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকতে হলে সরকারকে অবশ্যই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অনৈক্য সৃষ্টির জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, "৫ আগস্টের পর থেকে যারা দেশ বা সংস্কারের কথা না ভেবে নিজেদের চেয়ার ও ক্ষমতার কথা ভেবেছে, তারাই অনৈক্য তৈরি করেছে। এখন যখন তারা আওয়ামী লীগকে সামলাতে পারছে না, তখন ঐক্যের কথা বলছে।"
আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতা রয়েছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, "ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত ও নিষিদ্ধ করার সব পদক্ষেপই ছাত্র আন্দোলনের ফসল। কিন্তু বিএনপি উল্টো আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। নির্বাচনের আগেও আমরা এটি দেখেছি, এখনো দেখছি। বিএনপির উচিত এই অবস্থান থেকে সরে আসা।"
জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে জিয়াউর রহমান যে ভুল করেছিলেন, তার মাশুল বিএনপিকে দিতে হয়েছে। তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে কাটাতে হয়েছে এবং বেগম জিয়াকে কারাগারে জীবন নিঃশেষ করতে হয়েছে। এখান থেকে বিএনপি শিক্ষা না নিলে তাদের পরিণতি কী হবে, তা বলা মুশকিল।"
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ড. আতিক মুজাহিদ এমপি, ডা. মো. কামরুল ইসলাম দর্পণ ও মো. মোশারফ হোসাইনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে তিনি জেলা পরিষদ মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নে আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দেন।
Comments