মোংলা বন্দর ঘিরে শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে সরকারের উদ্যোগ
মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ অঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ১৫ দিনের মধ্যে দুবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। এ অঞ্চলে জ্বালানি সংকট নিরসন, শিল্পায়নের পরিবেশ তৈরি এবং সেবা খাত সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। পাশাপাশি এ অঞ্চলে চায়না ইপিজেড গড়ে উঠছে এবং নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগে আসছে। ভাগা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে। ভবিষ্যতে রেল যোগাযোগও চালু করা হবে।
শেখ রবিউল আলম আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে জ্বালানি ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই মোংলাকে ঘিরে অর্থনীতি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারিত হবে বলে আশা করছে সরকার।
তিনি বলেন, বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে কোনো অঞ্চলকে পিছিয়ে রাখা যাবে না। এ জন্য জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments