শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতার অভিযোগ রিজভীর
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উসকানি ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর অভিযোগ, দেশে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। এর পেছনে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, পোশাকশ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে সহিংসতা ছড়ানোর চেষ্টা চলছে। তাঁর দাবি, আত্মগোপনে থাকা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ তৈরির চেষ্টা করছে।
এ ছাড়া আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কয়েকজন কারখানার মালিকও চলমান অস্থিরতার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। প্রতিবেশী একটি দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানানো বিরোধী পক্ষগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে তাদের গোপন যোগাযোগের বিষয়টি সামনে আসছে।
তিনি সতর্ক করে বলেন, শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে কেউ লাভবান হতে পারবে না।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচিও ঘোষণা করেন রিজভী। তিনি জানান, দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হবে।
কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
Comments