তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি। একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এই মূল্য।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
এর আগে সর্বশেষ গত ৫ নভেম্বর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
তার আগের দিন ৪ নভেম্বরও ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছিল। আর ২ নভেম্বর বাড়ানো হয়েছিল আরও ৩ হাজার ২৬৬ টাকা।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে। বাকি একবার সমন্বয় করা হয়েছে ভ্যাটের ক্ষেত্রে।
Comments