আজ ৪ নভেম্বর বাংলাদেশ সংবিধান দিবস
আজ ৪ নভেম্বর, 'বাংলাদেশ সংবিধান দিবস'। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশের সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। এর মধ্য দিয়ে চলতি বছর সংবিধান গ্রহণের ৫৪ বছর পূর্ণ হলো।
সাংবিধানিক বিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সার্বিক শাসনব্যবস্থা, সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতার সঠিক বিভাজন ও দায়িত্ব, নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই সংবিধানের মাধ্যমেই সুনির্দিষ্ট ও চূড়ান্ত করা হয়েছে।
ইতিহাস থেকে জানা যায়, দেশের স্বাধীনতার মাত্র ১০ মাসের মাথায় ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন। এরপর দীর্ঘ আলোচনা ও কিছু সংশোধনী শেষে ১৯৭২ সালের ৪ নভেম্বর প্রায় ৭৩ ঘণ্টা একটানা বিতর্ক ও আলোচনার পর গণপরিষদ এই খসড়া সংবিধান অনুমোদন করে। পরবর্তীতে একই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে এটি কার্যকর করা হয়।
বাংলাদেশের মূল সংবিধানে মোট ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ এবং সাতটি তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছিল। সদ্য স্বাধীন দেশের রাষ্ট্র পরিচালনার চারটি মূল ভিত্তি বা মূলনীতি হিসেবে এতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হয়েছিল।
Comments